লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া নিজের নির্বাচনী এলাকায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দলীয় নাম ভাঙিয়ে অপরাধ দমনে এক অভিনব ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি একটি নিজস্ব ‘ওয়েব বেজড অ্যাপ’ বা অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছেন, যার মাধ্যমে সাধারণ জনগণ সরাসরি এমপির কাছে তাদের অভিযোগ ও মতামত জানাতে পারবেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগের বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গেছে, লক্ষ্মীপুর-২ আসনের আওতাধীন যেকোনো এলাকায় যদি বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলবাজি বা কোনো ধরণের অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে ভুক্তভোগীরা এখন থেকে ঘরে বসেই এই অ্যাপের মাধ্যমে সরাসরি এমপিকে অভিযোগ জানাতে পারবেন।
সরাসরি অভিযোগ ও গোপনীয়তা রক্ষা:
‘আপনার এমপিকে লিখুন’ শীর্ষক এই অনলাইন ফর্মে সাধারণ মানুষের সুবিধার্থে বেশ কিছু ফিচার রাখা হয়েছে। অভিযোগকারী চাইলে নিজের নাম ও পরিচয় গোপন রাখতে পারবেন। ফর্মে নাম, মোবাইল নম্বর, ঠিকানা, এবং অভিযোগের বিস্তারিত বিবরণ লেখার সুযোগ রয়েছে। এছাড়া প্রমাণ হিসেবে ছবি বা ফাইল আপলোড করার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিটি বার্তা গুরুত্বসহকারে পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে।
ইতিবাচক সাড়া ও সমাধান:
ইতোমধ্যে এই উদ্যোগের সুফল মিলতে শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অ্যাপের মাধ্যমে অভিযোগ পেয়ে এমপি আবুল খায়ের ভূঁইয়া এবং তার টিম প্রায় ১৭টিরও বেশি সমস্যার সমাধান করেছেন।
এ বিষয়ে স্থানীয় জনসাধারণ এবং নেটিজেনরা ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। মুফতি আমজাদ আফসারী নামের এক ব্যক্তি ফেসবুকে এই উদ্যোগের প্রশংসা করে লিখেছেন, “দলের নাম ভাঙিয়ে অপরাধ করার দিন শেষ। এই ইতিবাচক ধারা চালু থাকুক।”
এই উদ্যোগের ফলে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা আদায়ের প্রবণতা কমবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
0 Comments